ইসলাম টাইম ডেস্ক: বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছেন আদালত। বুধবার এ বিষয়ে রিটের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বেসরকারি হাসপাতালগুলো যেন যথাযথভাবে চলে, সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আর যেসব হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে, ইতিমধ্যে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে করা পৃথক রিটের পরিপ্রেক্ষিতে ৬ জুলাই হাইকোর্ট চিকিৎসা না দিয়ে রোগী ফেরত নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগগুলো তদন্ত করে ২১ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে ২২ জুলাই শুনানির দিন রেখেছিলেন।
















