ইসলাম টাইমস ডেস্ক: চারমাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট খুলে দেওয়া হচ্ছে দেশের সকল কওমী মাদরাসা।
আজ বৃহস্পতিবার সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
হাইআতুল উলয়ার দপ্তর সূত্রে ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দাওরায়ে হাদিসের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বোর্ডের দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান জানান, পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মাদরাসা খোলার বিশ-পঁচিশ দিনের মধ্যে পরীক্ষা হতে পারে বলে তিনি জানিয়েছেন।
মাওলানা অসিউর রহমান বলেন, করোনার আগে আমাদের এক ধরনের প্রস্তুতি ছিল। এখন সম্পূর্ণ নতুন করে প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের কিছু সময় প্রয়োজন। পাশাপাশি ছাত্রদেরও কিছুটা সময় প্রয়েজন।
পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ৫ আগস্ট একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ১৩ জুলাই বোর্ডের এক বৈঠকে মাদরাসা খোলার ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগের জন্য একটি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি তাদের দায়িত্ব পালন করে আজকের বৈঠকে রিপোর্ট জমা দিলে সে প্রেক্ষিতে ৮ আগস্ট মাদরাসা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
















