ইসলাম টাইমস ডেস্ক: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের আরও ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ২১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
দুজনই ১০ দিনের রিমান্ডে ছিলেন। সেই রিমান্ড শেষে সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে চার মামলায় সাহেদের ২৮ দিন এবং তিন মামলায় মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৮ দিনের রিমান্ডে পাঠানোর পাশাপাশি মো. সাহেদকে আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রিজেন্ট হাসপাতালের মালিকের বিরুদ্ধে করোনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।
















