ইসলাম টাইমস ডেস্ক: দেশের ২৩ জন শীর্ষ আলেম বলেছেন, সর্বজনস্বীকৃত আধ্যাত্মিক জগতের রাহবার হযরত হাফেজ্জী হুজুর (রাহ.)এর পরিবারের সুযোগ্য সদস্য মুফতী আমীনী (রাহ.)এর দৌহিত্র সম্ভাবনাময়ী মেধাবী শিক্ষার্থী হাফেজ মাওলানা আশরাফ মাহদীকে গত ৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা লালবাগ কিল্লার মোড় এলাকা থেকে বাসায় যাওয়ার পথে একদল অজ্ঞাত ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এবং এ যাবৎ কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের শীর্ষ ওলামা নেতৃবৃন্দ, ছাত্র জনতা ও সচেতন দেশবাসী গভীরভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আজ (৮ আগস্ট) শনিবার মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশের শীর্ষ ২৩ জন আলেম আরো বলেন, এদেশে গুম, খুন আর অন্যায়ভাবে হত্যার ফিরিস্তি অনেক লম্বা। আমরা হযরত হাফেজ্জী হুজুর (রাহ.)এর ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সুযোগ্য সন্তান আশরাফ মাহদীর অপহরণের ঘটনায় গভীরভাবে উৎকণ্ঠিত। আমরা বলতে পারি, এই পরিবারের সাথে যারা বেআদবী করবে তারা ধ্বংস হয়ে যাবে।
আলেম নেতৃবৃন্দ আরো বলেন, দেশের প্রতিটি নাগরিকের জান-মাল ও আব্রু-উজ্জতের হেফাজত করা সরকারের সাংবিধানিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় যে, আজ দু’দিন গত হতে চলছে। আশরাফ মাহদী অপহরণের ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশে জানাজানির হওয়ায় ব্যাপক উদ্বেগ ও হতাশা সত্ত্বেও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত কোন তৎপরতা বা প্রত্রিকিয়াই জাতি দেখতে পায়নি।
আল্লাহ না করুন, আশরাফ মাহদীর কিছু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনভাবেই দায়িত্বহীনতার দায় এড়াতে পারবেন না। ইতিপূর্বেও বিশ্ববিখ্যাত আল-আজহার ইউনিভার্সিটির এই মেধাবী ছাত্রকে মিশর যাওয়াকালে একটি মহল ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলায় জড়িয়ে দুবাই থেকে দেশে এনে গ্রেফতার ও হয়রানির শেষ চেষ্টাটুকু করেছে। জাতি এদের পরিচয় জানতে চায়।
আলেমগণ বলেন, এদেশের সর্বস্তরের মানুষের ভক্তি, শ্রদ্ধা ও আস্থার প্রতিক ছিলেন হযরত হাফিজ্জী হুজুর (রাহ.)। তাঁর রক্তের এই সম্ভাবনাময়ী উজ্জ্বল নক্ষত্র আশরাফ মাহদীর অপহরণ নাটকের অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে অক্ষতভাবে তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দেওয়ার জন্য দেশপ্রেমিক আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আমরা উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।
বিবৃতিদাতা আলেমগণ হলেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নূরুল ইসলাম, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুতিউর রহমান কাসেমী, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ছানাউল্লাহ মাহমূদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জসীম উদ্দীন (মাহদীর পিতা), মুফতি আব্দুর রহীম, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী প্রমুখ।
















