ইসলাম টাইমস ডেস্ক: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু ও নসিমনের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস সকাল ৬টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে যাওয়া একটি আলমসাধু, একটি নসিমন ও একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও তিনজন মারা যান। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
















