কুয়েতে আটক সাংসদ পাপুলকে ফের আদালতে তোলা হবে আজ

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল।

ইসলাম টাইমস ডেস্ক:  মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের আটকের মেয়াদ রবিবার শেষ হচ্ছে। আজ নতুন করে তাকে আদালতে হাজির করা হবে।

তার সঙ্গে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশিক্ষণবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহ এবং অন্য দুই কুয়েতি নাগরিক হাসান আবদুল্লাহ আল খাদের ও নওয়াফ আলী আল শালাহিকেও হাজির করার কথা রয়েছে।

পাপুলের প্রতিষ্ঠান মারাফিয়া কুয়েতিয়ার ৬৭ কোটি টাকার একটি নতুন দরপত্র বাতিল করেছে কুয়েত সরকার। সবমিলে এখন পর্যন্ত মারাফিয়ার ৩টি দরপত্র বাতিল হয়েছে। পাশাপাশি মারাফিয়া কুয়েতিয়াকেও ব্ল্যাকলিস্টে রেখেছে কুয়েত। নতুনকরে ওই প্রতিষ্ঠানটি সেখানে কোনো কাজ নিতে পারবে না।

গত ৬ জুন কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে লক্ষিপুর-২ আসনের এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দেশটিতে বন্দী আছেন। পাপুলকে সহযোগীতার অভিযোগে সেদেশেরও কয়েকজন নাগরিককে অভিযুক্ত করা হয়। ইতোমধ্যে পাপুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ গত ২৭ জুলাই আদালত পাপুল ও তার সহযোগীদের ৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছিল। পাপুলের বিরুদ্ধে আনা ভিসা ও ঘুষ দিয়ে কাজ পাওয়ার অভিযোগের বিষয়ে এখনও শুনানি হয়নি।

পূর্ববর্তি সংবাদআয়া সোফিয়ার কারণে পাল্টা চাপ চলছে এথেন্সের মুসলমানদের উপর
পরবর্তি সংবাদভারতে করোনা হাসপাতালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭