ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদের পর লেবাননের পরিবেশমন্ত্রী ক্যাত্তার ডেমিয়ানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ভূ-মধ্যসাগরীয় দেশ লেবাননে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের পর সরকারবিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে সাধারণ মানুষ ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করেছে। এমন অবস্থায় আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
ডেমিয়ানোস রবিবার বিকেলে বিবৃতিতে বলেন, ‘বৈরুত বিস্ফোরণের ভুক্তভোগীদের প্রতি সংহতি জানাতে আমি পদত্যাগ করলাম।’
এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬ হাজার মানুষ। নিহতদের মধ্যে বাংলাদেশি আছেন চারজন।
ডেমিয়ানোস লেবাননের বর্তমান শাসন পদ্ধতিকে নড়বড়ে আখ্যা দিয়ে বলেছেন, ‘ সংস্কারের চেষ্টা আগে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে।’
জোড়া বিস্ফোরণের জন্য লেবাননের সাধারণ মানুষ প্রশাসনের ‘অবহেলা এবং অব্যবস্থাপনা’কে দায়ী করছেন।
বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির অভিজাত শ্রেণির দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগে এমনিতেই ক্ষুব্ধ ছিল লেবাননের জনগণ। তার ওপর ভয়ংকর বিস্ফোরণে রাতারাতি ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি এবং রাতারাতি তিন লাখ মানুষের গৃহহীন হয়ে পড়ার ঘটনা সেই ক্ষোভে ঘি ঢেলেছে।
আরো পড়ুন: বিক্ষোভে উত্তাল বৈরুত, এবার পদত্যাগ করলেন তথ্যমন্ত্রী
















