ইসলাম টাইমস ডেস্ক : নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবির (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় তার মরদেহ নদীর অপরপারের পঙ্কবিলা জেলেপাড়াঘাট এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ব্যবসায়ী লিটন মণ্ডলের একমাত্র ছেলে। তিনি সদর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলীর ভাতিজা।
স্থানীয়রা জানান, আবির দুপুর ১২টার দিকে নড়াইলের চরেরঘাটে চিত্রা নদীতে গোসল করতে নামেন। তিনি সাঁতরে নদীর ওপারে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। বহু খোঁজাখুজির পর তাকে না পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে।
ওই ডুবুরি দল বিকাল সাড়ে ৪টার দিকে নদীর অপর প্রান্তের পঙ্কবিলা জেলেপাড়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
চাচা সদর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
















