সুদের টাকা দিতে না পারায় তালা দিয়ে বাড়িছাড়া করল দাদন ব্যবসায়ী

ইসলাম টাইমস ডেস্ক: সুদের টাকা পরিশোধ করতে না পারায় শিউলী বেগম (৪৫) নামে এক নারীর বাড়িতে তালা ঝুলিয়ে বাড়িছাড়া করেছে দাদন ব্যবসায়ীরা।

এতে বাড়ির ভাড়াটিয়াসহ তিনটি পরিবার শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পরেছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে থানা পুলিশ গিয়ে বাড়ির তালা খুলে দিয়ে অসহায় পরিবারগুলোকে বাড়িতে তুলে দিয়েছে।

শিউলী বেগম জানান, দুই বছর আগে রোকেয়া বেগম, রেজেদা বেগম, মর্জিণা বেগম ও শিল্পী বেগমসহ প্রতিবেশী বেশ কয়েক জনের কাছ থেকে সুদে টাকা নিয়ে তাঁর ছেলেকে বিদেশে পাঠায়। টাকা নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে তাদেরকে সুদের টাকা পরিশোধ করা হয়েছে। এদিকে প্রতারকের খপ্পড়ে পড়ে ছেলে বিদেশ থেকে দেশে ফিরে আসে। একারণে গত ছয় মাস সুদের টাকা পরিশোধ করতে পারছেন না। বসতবাড়ি বিক্রি করে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তারা তা না শুনে মঙ্গলবার সকালে বাড়ির দুই ভাড়াটিয়া ও তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়।

রোকেয়া বেগমসহ অন্যান্যরা জানান, শিউলী বেগমকে সুদের উপর টাকা দেয়া হয়নি। তার বিপদের সময় তাকে টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে। এখন এসে আর টাকা ফেরৎ দিচ্ছে না।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, তালা ঝুলানোর খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে তালা খুলে পরিবারগুলোকে বাড়িতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কারো কোন অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ হিন্দু মহাজোট’
পরবর্তি সংবাদভারতীয় সেনাবাহিনীর হাতে নিখোঁজ তিন কাশ্মিরী যুবক খুন