ভূমধ্যসাগরে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসরাইলকে যে বার্তা দিল

ইসলাম টাইমস ডেস্ক:  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যখন গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের আকাশ দিয়ে ভূমধ্য সাগরের দিকে ছুটে যায়। এ সময় অবরুদ্ধ গাজার লোকজনকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি-কে জানিয়েছেন, ভূমধ্যসাগরে হামাসের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দেয়া হয়েছে যে, তাদের জানা উচিত তেল আবিবের আগ্রাসনের মুখে হামাস নীরব থাকবে না। হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে বলেছে, এটি প্রতিরোধের জন্য নেয়া পদক্ষেপ।

 

২০০৭ সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর ইসরায়েল স্থল, আকাশ এবং সমুদ্রপথের অবরোধ দিয়ে রেখেছে। ওই বছর হামাস নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনে সরকার গঠন করে। হামাসের সরকারকে প্রতিহত করতে ইসরায়েল গাজার ওপর অবরোধ দেয়। তবে এই অবরোধ ভেঙে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস। সূত্র : পার্সটুডে।

পূর্ববর্তি সংবাদঅ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল লেবানন সরকারকে
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত প্রণব ভেন্টিলেশন সাপোর্টে