জনকল্যাণমূলক কাজে খরচ করার নিয়তে প্রচলিত সুদী ব্যাংকে টাকা রাখা যাবে কি?

প্রশ্ন: আমার জানার বিষয় হল যে, আমি বিগত সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সেভিং একাউন্টে কিছু টাকা জমা রেখেছিলাম। যার লাভের হার ছিল ৪%। এই লাভের টাকা আমি কোনোদিনই ভোগ করিনি এবং কোনোদিন করবও না ইনশাআল্লাহ। এই লাভের টাকা দিয়ে বিভিন্ন মসজিদ, মাদরাসার টয়েলেট ও প্রস্রাব খানা তৈরি করার কাজে ব্যয় করা হয়। এখন অন্য ব্যাংকে যদি জমা রাখি তাহলে সেই ব্যাংক আমাকে ৫.৫% হারে লাভ দিবে। উল্লেখ থাকে যে, সেই টাকাও বিভিন্ন মসজিদ, মাদরাসার টয়লেট ও প্রস্রাব খানা তৈরি করার কাজে ব্যয় করা হবে। এখন জানাবেন যে, বেশি লাভের জন্য আমি অন্য ব্যাংকে টাকা জমা রাখতে পারব কি না?

উত্তর: একাউন্টের অতিরিক্ত টাকা জনকল্যাণমূলক কাজে খরচ করার নিয়তেও প্রচলিত সুদী ব্যাংকে সঞ্চয়ী বা মেয়াদী হিসাব খোলা জায়েয হবে না। কেননা সুদী ব্যাংকে এ ধরনের একাউন্ট খুলতে হলে সুদী চুক্তিতে আবদ্ধ হতে হয়। তাই সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখার বিশেষ প্রয়োজন হলে প্রচলিত ইসলামী ব্যাংকগুলোতে রেখে প্রাপ্ত মুনাফা গরীব-মিসকিনদের মাঝে বণ্টন করে দিতে হবে।

মসজিদ-মাদরাসার ব্যবহারকারী যেহেতু শুধু গরীবরাই নয় তাই এ ধরেনর কাজে ব্যয় না করে ভবিষ্যতে গরীবদেরকে দিয়ে দিবেন। তবে কিছু উলামায়ে কেরাম যেহেতু এ ধরনের টাকা জনকল্যাণমূলক কাজে খরচ করার অনুমতি দিয়ে থাকেন তাই অতীতে ঐ টাকা দিয়ে বাথরুম-প্রস্রাবখানা তৈরি করার দ্বারাও আপনি দায়মুক্ত হয়ে গেছেন।

পূর্ববর্তি সংবাদভারতে রামকে নিয়ে রসিকতা: অধ্যাপকের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদলেবাননে বিস্ফোরণের পর বাংলাদেশের গুদামে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে উদ্বেগ