ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদ মার্কেটের ছাদ থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাইফুল ইসলাম (২০)।
বুধবার বিকালে উপজেলার গোপালদী বাজার বড় মসজিদ মার্কেটের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ওই মার্কেটেরই একটি ওষুধের দোকানের কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকাল ৪টার দিকে গোপালদী বাজারের লোকজন বাজারে বড় জামে মসজিদ মার্কেটের ছাদে এক যুবকের লাশ দেখতে পেয়ে গোপালদী ফাঁড়ি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে।
গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহার জানান, সাইফুল ইসলাম ওই মসজিদ মার্কেটের নিচতলায় মনির হোসেনের মনির ফার্মেসিতে কাজ করত। ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামের গলা ও দুই হাত কাটা রয়েছে।
তিনি জানান, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হয়ে এলেও সে আর রাতে বাড়ি ফিরে যায়নি।
তবে মনির ফার্মেসির মালিক মনির হোসেন জানান, সাইফুল ইসলাম ঈদের আগের দিন ছুটি নিয়ে যায়। সে এখন পর্যন্ত তাদের দোকানে কাজে যোগ দেয়নি।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
















