ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুক পোস্ট ঘিরে পরিস্থিতি যখন ভয়ানক আকার ধারণ করেছে, ঠিক সেই সময়ই সংহতির বার্তা উঠে এল বেঙ্গালুরু থেকে। ধর্মস্থানে যাতে হিংসার আঁচ না পৌঁছয়, তার জন্য মানবশৃঙ্খল গড়ে মন্দির রক্ষা করতে দেখা গেল এক দল মুসলিম যুবককে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তাতে ওই যুবকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
স্থানীয় কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির এক আত্মীয়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে মঙ্গলবার হিংসা ছড়িয়ে পড়ে পূর্ব বেঙ্গালুরুতে। ওই কংগ্রেস নেতার বাড়িতে চড়াও হয় জনতা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে, তাদের সঙ্গেও সংঘর্ষ বাধে জনতার। তাতে ৬০ জন পুলিশকর্মী জখম হন। জনতাকে ছত্রভঙ্গ করার পুলিশ গুলি চালালে মৃত্যু হয় তিন জনের।
সেখান থেকে ডিজে হল্লি থানা এলাকায় অবস্থিত একটি মন্দিরে ঢুকতে যায় ওই ভাঙ্গচুরকারীরা। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য আগে থেকেই মন্দিরের বাইরে মানবশৃঙ্খল গড়ে দাঁড়িয়েছিলেন একদল মুসলিম যুবক। হাঙ্গামাকারীরা সেখানে ঢুকতে গেলে তাঁরা বাধা দেন। তাঁরা এই পদক্ষেপ না করলে অঘটন ঘটে যেত বলে দাবি স্থানীয়দের।
গতকাল রাত থেকেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। এ দিন সকালে সংবাদ সংস্থা এএনআই-ও একটি ভিডিও প্রকাশ করে। তাতে ওই যুবকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। এটাই আসল ভারতের স্বরূপ বলে মন্তব্য করেছেন কেউ কেউ। আবার অনেকে বেঙ্গালুরুবাসীকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। কংগ্রেস নেতার যে আত্মীয়ের পোস্ট ঘিরে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে, তাঁকে গ্রেফতার করেছে পুলিস।
Human chain by Muslims to protect Hindu temples from mob. Well done Bangalore, stay calm, maintain peace! pic.twitter.com/ahNt3ZLbwV
— Salman Nizami (@SalmanNizami_) August 11, 2020
















