তালেবান বন্দিদের আনুষ্ঠানিক মুক্তির সূচনা, প্রথম ধাপে ৮০ জন

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে তালেবানদের যোদ্ধাদের আনুষ্ঠানিক মুক্তি দেওয়া শুরু হয়েছে। তালেবানের দাবির মুখে তাদের বন্দী ৪০০ হাইপ্রোফাইল সদস্যকে ছাড়তে শুরু করেছে দেশটির সরকার।

বন্দীদের মুক্তি দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ৮০ জনকে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তান সরকারের সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জাভিদ ফয়সাল। এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর ফলে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রচেষ্টা ‘আরও দ্রুততর এবং দেশজুড়ে যুদ্ধ বিরতি আরও দীর্ঘস্থায়ী’ হবে বলে দাবি জাভিদ ফয়সালের।

তিন দিনের আলোচনা শেষে দেশটির আইন সভা লয়া জিরগায় গত শনিবার এই তালেবান বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত পাস হয়। সে অনুযায়ীই তাদের মুক্তি দিচ্ছে আফগানিস্তান সরকার।

বন্দীদের ছাড়ার সময়টাতেই আফগানিস্তান সরকার ও তালেবান উভয় পক্ষ কাতারের দোহায় শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে।

বন্দীদের মধ্যে যারা বিদেশি নাগরিক তাদেরকে নিজ নিজ দেশে হস্তান্তর করা হবে বলেও লয়া জিরগা সমাবেশে সিদ্ধান্ত হয়।

যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে নিজেদের সকল বন্দীদের মুক্তির দাবি জানিয়ে আসছিল তালেবান।

আফগানিস্তান সরকার এরই মধ্যে প্রায় ৫ হাজার তালেবান বন্দীকে মুক্তি দিয়েছে। তবে শেষ দিকের বন্দীদের ছাড়ার ক্ষেত্রে অনেকটা বেঁকে বসেছিল তারা।

পূর্ববর্তি সংবাদমাওলানা ইউসুফ পাণ্ডোর আফ্রিকীর ইন্তেকাল, দেওবন্দের মুহতামিম সাহেবের শোকবার্তা
পরবর্তি সংবাদবাবার বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ করল ছেলে!