এবার ভারতীয়দের নেপাল প্রবেশে কড়াকড়ি

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্ত নিয়ে নেপাল-ভারত উত্তেজনা চলছিলো বেশ কিছুদিন ধরেই। তার আঁচ ভালোই পাওয়া যাচ্ছিলো দুই দেশের সরকারের কথাবার্তা ও আচরণে। তার মধ্যেই এবার নেপালে ভারতীয়দের প্রবেশে কড়াকড়ি আরোপ করলো নেপাল সরকার।

মূলত এতদিন পর্যন্ত নেপালে প্রবেশ করতে ভারতীয়দের কোন প্রকার বাধা ছিল না। কোনো প্রকার কাগজপত্র ছাড়াই প্রবেশ করতে পারতেন ভারতীয় নাগরিকরা। তবে এখন থেকে নেপালে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখাতে হবে ভারতীয়দের।

নেপাল ভ্রমণে এতদিন ভারতীয় নাগরিকদের কোনো নিষেধাজ্ঞা ছিল না। নেপালের অর্থনীতির মূল ভিত্তি পর্যটন। প্রতি বছর ভারত থেকে কয়েক হাজার পর্যটক নেপালে ঘুরতে যান। নেপাল অবশ্য ভারতীয়দের প্রবেশে এখনো কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

তবে, এখন থেকে ভারতীয়দের নেপালে প্রবেশের ক্ষেত্রে একটি শর্ত অবশ্যই মানতে হবে। পরিষ্কার জানিয়ে দিয়েছে কেপি শর্মা ওলির সরকার।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা জানিয়েছেন, করোনা থেকে সুরক্ষায় প্রশাসন এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তাই ভারত থেকে কারা নেপালে আসছেন তার রেকর্ড রাখা জরুরি। ভারতীয়দের নেপাল ভ্রমণে বিধিনিষেধ থাকছে না। তবে নেপালে প্রবেশ করার আগে এখন থেকে ভারতীয়দের বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দেখাতে হবে।

এর আগে নেপালের প্রধানমন্ত্রী তাদের দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার জন্য ভারতের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। আর এবার ভারতীয়দের জন্য নেপাল প্রবেশে চাপানো হল শর্ত।

৭৮ কিলোমিটার লম্বা কৈলাশ মানস-সরোবর রোড নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়েছিল। সেই রাস্তায় একটি ব্রিজ নির্মাণ করেছে ভারত। ওই রাস্তার শেষে নির্মিত ব্রিজ ধারচুলা, লিপুলেখের যোগাযোগ ব্যবস্থা রক্ষা করবে।

মে মাসে সেই ব্রিজ উদ্বোধনে গিয়েছিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকেই নেপালের মুখ ভার। নেপালের দাবি, লিপুলেখসহ ওই এলাকার তিনটি ভূখণ্ড তাদের। এরপরই ওই ভূখণ্ড অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল।

উত্তেজনার মাঝে নেপালের প্রধানমন্ত্রী ওলি আবার বলে বসেন, অয্যোধ্যা আসলে নেপালে অবস্থিত ছিল। রামচন্দ্রও ছিলেন নেপালের বাসিন্দা।

সূত্র: জিনিউজ

পূর্ববর্তি সংবাদকরোনায় কাজ হারিয়ে বিদেশ ফেরত ৬১ হাজারের বেশি বাংলাদেশি: প্রবাসীকল্যাণ মন্ত্রী
পরবর্তি সংবাদশোক দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব না করায় জনগণ স্বস্তি পেয়েছে: কাদের