ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে রবিববার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।
ইরফান উদ্দিন আহমেদ জানান, এসব খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাতের উপর গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বাঁধাগ্রস্ত করছে।
‘ডিএসসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ ক্যাবলের বিরুদ্ধে ডিএসসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে,’ যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার ধলপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। ইউএনবি
















