ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সংক্ষিপ্ত এক আকস্মিক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন। গত মার্চের পর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর।
সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক সূত্রগুলো ভারতের পররাষ্ট্রসচিবের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এত কম সময়ের মধ্যে, বিশেষ করে করোনাভাইরাস সংক্রমণের সময় কেন এই অনির্ধারিত সফর তা নিয়ে কোনো মন্তব্য করতে সূত্রগুলো রাজি হয়নি।
নির্ভরযোগ্য সরকারি সূত্রে জানা যায়, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন। ওই আলোচনায় নরেন্দ্র মোদি দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে এ সফর নিয়ে কোনো পক্ষই মন্তব্য করেনি। সাধারণত পররাষ্ট্রসচিব পর্যায়ের এ ধরনের সফরে ক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়ে থাকে।
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।
















