‘খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে’

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, ১৫ ও ২১ আগস্টের পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন সেতুমন্ত্রী।

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনো তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে।

এ সময় তিন বলেন, বঙ্গবন্ধুর যৌবনের উত্তাপ দিয়ে গড়া স্বাধীন বাংলাদেশের রাজধানীর মাটিতে তার সমাধির জন্য দুই গজ জমিও জুটল না। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে, তার মরদেহ সমাধি করা হলো রাজধানী থেকে অনেক দূরের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের মাটি কি হজম করতে পারে বঙ্গবন্ধু মুজিবের রক্ত? বাংলাদেশের মানচিত্রে সমান যার অস্তিত্ব, চরিত্র হননের কোন ছোরা দিয়ে তাকে কী নিধন করা হয়ে গেছে? অবমূল্যায়নের কোন নরুন দিয়ে ছেদন কী করা গেছে স্বাধীনতার এই বটবৃক্ষকে?’

‘না, শত ষড়যন্ত্র আর হাজার চেষ্টার পরও মুজিব মরেননি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। একদা নিথর স্তব্ধ অন্ধকার টুঙ্গিপাড়ায় এখন লাখো জনতার ঢল’ যোগ করেন তিনি।

পূর্ববর্তি সংবাদআমিরাতের চুক্তির পর থেকে ফিলিস্তিনে প্রতিদিনই হামলা করছে ইসরাইল
পরবর্তি সংবাদজম্মু কাশ্মিরে একদিনের গেরিলা হামলায় ৪ ভারতীয় সেনা নিহত