মালিতে সেনা অভ্যুত্থান: গ্রেফতারের পর প্রেসিডেন্টের পদত্যাগ

ইসলাম টাইমস ডেস্ক:  পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থান ঘটেছে। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বুউবাচার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। আটক থাকা অবস্থায়ই পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইব্রাহিম বুউবাচার কেইতা। সরকারি এক মুখপাত্রের বরাতে বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোঁড়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের শুরু হয়। সারাদিন বিক্ষিপ্তভাবে রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি ভবনে আগুন দেন। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন।

২০১৮ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা প্রেসিডেন্ট কিয়েতার পদত্যাগ দাবিতে বেশ কিছুদিন ধরেই মালিতে বিক্ষোভ চলছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। এছাড়া তার ক্ষমতাকালে দেশটিতে জাতিগত সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যে কারণে সরকার পতনের আন্দোলনে নেমেছে দেশটির জনগণ।

এদিকে বিদ্রোহী সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে অঞ্চলটির দেশগুলোর জোট দ্য ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদগাজায় টানা ৭ দিন ইসরাইলি তাণ্ডব, একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ