ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রিংলার আকর্ষিক বাংলাদেশ সফর ঘিরে জনমনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে সরকারকে তা দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে কি আলোচনা হয়েছে দেশবাসীকে তা জানাতে হবে।
যারা প্রয়োজনের সময় পিঁয়াজ দেয় না তার কিভাবে বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেবে? বলা হয়েছে সফল আলোচনা হয়েছে কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়ে কি সমাধান হয়েছে, সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নাগরিকদের হত্যার ঘটনা বন্ধের বিষয়ে কি সমাধান হয়েছে? ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল বিষয় কি ছিলো জাতি তা জানতে চায়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।
গতকাল রাতে খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মো: আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দকিী, ডাঃ রিফাত হোসনে মালিক মুফতি সাইয়্যেদুর রহমান প্রমুখ।
বৈঠকে স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে দেশের কাওমি মাদ্রাসার কিতাবখানাসমূহ খুলে দেয়ার দাবী জানানো হয়। কাওমি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্রদের মত কিতাব বিভাগের ছাত্ররাও আবাসিকভাবে মাদ্রাসায় অবস্থান করে পড়াশুনা করেন, তাই যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাওমি মাদ্রাসাসমূহের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে অবিলম্বে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।
















