৯৯৯ নম্বরে কল: আল্লাহর অশেষ রহমতে ডুবে যাওয়া ট্রলার থেকে ৬ জন জীবিত উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলের পর আল্লাহর অশেষ রহমতে ডুবে যাওয়া একটি ট্রলার থেকে টাঙ্গাইলে ৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯-এ কল করে এক ব্যক্তি জানান, নাগরপুরের তুর্কি বিলে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। দ্রুত তাদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য ওই ব্যক্তি অনুরোধ জানান।

৯৯৯ নম্বর থেকে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম, নৌ পুলিশ কন্ট্রোল রুম ও নাগরপুর থানাকে তথ্যটি জানানো হয়।

এ ঘটনায় নাগরপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পরে নাগরপুর থানার ওসি জরুরি সেবা নম্বরকে জানান যে তারা ডুবে যাওয়া ট্রলারের ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং ফাহিমা নামে ৮ বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছেন। বাকিরা সাঁতরে তীরে উঠেছে।

ওসি জানান, নৌকা বাইচ দেখতে ট্রলার যোগে ৫০-৬০ গ্রামবাসী তুর্কি বিলে গিয়েছিলেন। এক পর্যায়ে ভেঙে গিয়ে ট্রলারটি ডুবতে শুরু করে। এটি তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। ইউএনবি

পূর্ববর্তি সংবাদসন্ত্রাস ও চাঁদাবাজি মামলায় সিলেটে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
পরবর্তি সংবাদঅসৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে ‘আইজিপিস কমপ্লেইন সেল’