ইসলাম টাইমস ডেস্ক: হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ১৪৪২ হিজরীর মুহররম মাসের চাঁদ দেখতে সভায় বসে কমিটি। তবে চাঁদ দেখার খবর আসে রাত সাড়ে ১০টার পর।
চাঁদে দেখার খবরের দেরি হওয়ায় বিপদে পড়ে দেশের সংবাদপত্রগুলো। সংবাদপত্রের প্রিন্টার্স লাইনে হিজরি তারিখ উপস্থাপন করা হয়, তবে চাঁদের খবর না পাওয়া পত্রিকা ছাপতে পারছিল না দেশের সংবাদপত্রগুলো। তবে মেঘের কারণে এ বিলম্ব হয়েছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।
অবশ্য অবশেষে চাঁদ দেখা গিয়েছে। কমিটি জানিয়েছে, আগামীকাল ২১ আগস্ট শুক্রবার থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩০ আগস্ট রবিবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, মেঘের কারণে চাঁদ দেখার খবর দিতে বিলম্ব হয়েছে। সন্ধ্যায় হুট করেই মেঘ থাকায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। পরবর্তীতে সুনামগঞ্জ থেকে চাঁদ দেখার খবর আসে। সেটি যাচাই করতে গিয়ে সময় বেশি লাগায় ঘোষণা করতে দেরি হয়েছে।
চাঁদ দেখা কমিটির সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ,বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক ড. মো. আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, মুহররম ইসলামি মহিমান্বিত মাসগুলোর একটি। এইমাসের দশ তারিখ পবিত্র আশুরা অত্যন্ত ফযীলতপূর্ণ একটি দিন। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় আশুরা। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন। হিজরির সাল অনুসারে ১০ মুহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিন। অন্যদিকে মুহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে হিজরি নতুন বছর শুরু।
















