অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন রায়হান কবির

ইসলাম টাইমস ডেস্ক: কাতারভিত্তিক আল-জাজিরা টিভিতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির অবশেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রায়হান কবিরের বাবা শাহ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রায়হানকে রিসিভ করেছি। ছেলে এখন আমার কাছে। কোনো সমস্যা নেই, সে সুস্থ ও ভালো আছে।

তিনি আরও বলেন, আমার ছেলেকে ফিরে পেতে আপনারা সাংবাদিকরা সবচেয়ে বেশি সহায়তা করেছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তাকে ফিরে পেয়েছি এতেই খুশি, তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।

এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর অনেক খোঁজাখুঁজি করে ২৫ জুলাই রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তি সংবাদফেনীতে নামাজে সেজদারত অবস্থায় এক যুবকের ইন্তেকাল
পরবর্তি সংবাদতুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেলেন এরদোগান