ইসলম টাইমস ডেস্ক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছালুয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে গেছে। আজ সকালের এ ঘটনায় ট্রাকটির চালক নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে।
স্থানীয়রা জানান, বাদিয়াখালি-কালিরবাজার সড়ক ধরে ঢাকা থেকে আসা ট্রাকটি সম্ভবত কালিরবাজারের দিকে যাচ্ছিল। আগে থেকেই ঝুঁকিপূর্ণ ঘোষিত বেইলি ব্রিজটি ট্রাকের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। ব্রিজ ভেঙে যাওয়ায় ফুলছড়ি উপজেলার সাথে কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ফুলছড়ি থানার ওসি মো, কাওসার আহমেদ জানান, অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষিত ব্রিজে ট্রাকটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই করে উঠে পড়ায় তা ভেঙে পড়েছে। নিখোঁজ ট্রাক চালককে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
















