হবিগঞ্জে আদালতের মধ্যেই পুলিশের ওপর হামলা

প্রতীকি ছবি

ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জ আদালতে আসামির সাথে আসা এক যুবক কোর্ট পুলিশের ওপর হামলা করেছেন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মোস্তাক আহমদকে (২৬) উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার মনতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন সেলিমের জনৈক আত্মীয়। তখন সেলিম ওই আত্মীয়ের সঙ্গে আদালতের কক্ষে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কনস্টেবল মোস্তাক আহমদ (২৬) তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

হামলায় কনস্টেবল মোস্তাক আহমদ আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাৎক্ষণিক কোর্ট পুলিশ ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

কোর্ট ইন্সপেক্টর আল আমিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগর থেকে ৬৫ কোটি টাকার ইয়াবার চালান আটক করেছে র‌্যাব
পরবর্তি সংবাদস্বাস্থ্যবিধি মেনে বেফাকসহ সকল বোর্ডের মাদরাসার কিতাব বিভাগ খুলে দেওয়ার সরকারি অনুমোদন