ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার চিত্ত রঞ্জন (সি আর) দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান দেশ ও জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন (সি আর) দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে সি আর দত্ত দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্যা স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য ১৯২৭ সালে ভারতের শিলংয়ে জন্মগ্রহণকারী সি আর দত্ত হলেন সেই ব্যক্তি যিনি ১৯৮৮ সালে পার্লামেন্টে বাংলাদেশের ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বিল পাস হলে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ নামক দল গড়ে তোলেন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিপক্ষে তার একটি উক্তি হলো, ‘বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।’
এছাড়াও সি আর দত্ত ছিলেন বিচিত্র পদ ও বৈশিষ্ট্যের অধিকারী। তিনিই ছিলেন পাকিস্তান আমলের একমাত্র বাঙালি হিন্দু অফিসার। তার এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, পাকিস্তানে একমাত্র বাঙালি হিন্দু অফিসার হিসেবে আমার সঙ্গে তাঁরা কটু কথা বা কটু ব্যবহার করেননি। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিলেন সি আর দত্ত ৷ এই যুদ্ধে অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরের কমান্ডার হিসাবে নিযুক্ত হন সি আর দত্ত। এই যুদ্ধেও অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ তিনি থেকে বীর উত্তম খেতাব পান। এছাড়া রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেরও উপদেষ্টা ছিলেন তিনি।
















