কওমী মাদরাসা খোলার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন

ইসলাম টাইমস ডেস্ক: কওমি মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

এ সম্পর্কে কওমী মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে অফিস সম্পাদক মুহাম্মাদ অসিউর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান’ নামে শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২৫/৮/২০২০) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে।’

মূল প্রজ্ঞাপন :

মোট ৬টি শর্তে কওমি মাদরাসার কিতাব বিভাগ খোলার অনুমতি দেয়া হয়েছে। এর আগে গত ২৪ আগস্ট কওমির দাওরায়ে হাদীস পরীক্ষার অনুমতি দেয় সরকার। এছাড়া গত ১২ জুলাই থেকে হিফজ বিভাগ খোলার অনুমতি দেয়া হয়।

বেশকিছুদিন ধরে কওমি মাদরাসা খুলে দেয়ার দাবি ঊঠতে থাকে। গত ১৭ আগস্ট কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন জানায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেয় বোর্ডটির কর্মকর্তারা। এছাড়া অন্যান্য আলেমরাও বক্তব্য বিবৃতির মাধ্যমে কওমি মাদরাসা খুলে দেয়ার দাবি জানান। সে প্রেক্ষিতে গত ২৪ আগস্ট মন্ত্রী পরিষদের সভা থেকে কওমির মাস্টার্স পর্যায়ের পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হয়। এর একদিন পর কওমির কিতাব বিভাগ খোলারও অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিক্ষাবোর্ডের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে কওমি মাদ্রারাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হল। এক্ষেত্রে প্রয়োজনে স্বাস্থ্য বিভাগ মনিটরিং করতে পারবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এ সময় ৬ টি স্বাস্থবিধি মেনে চলারও নির্দেশনা দেয়া হয়। শর্তগুলো হলো: ১. প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক। ২. মাদরাসায় প্রবেশের আগে গেটে স্যানিটাইজিং করতে হবে। ৩. শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে, বিক্ষিপ্তভাবে চলাফেরা করবে না। ৪. একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে অবস্থান করবে। ৫. করোনার কারণে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। এবং ৬. শিক্ষক ও কর্মচারীরাও একইভাবে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস করাবেন।

(উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন হাইআর এই ফেসবুক পেজেই প্রজ্ঞাপন হাতে এসেছে বলে ঘোষণা দেওয়া হয়। ঐসময় ইসলাম টাইমসের পক্ষ থেকে হাইআর সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, মূলত একটি বোর্ডের (জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড) কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রজ্ঞাপনে তাদের মাদরাসাগুলোর কিতাব বিভাগ খোলার অনুমতির কথা লেখা হয়েছে। কিন্তু বিতরণের তালিকায় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডকেও উল্লেখ করা হয়েছে। তাই বেফাকসহ কওমী মাদরাসার সকল বোর্ডের ক্ষেত্রেই এ অনুমোদন প্রযোজ্য। কিন্তু আজ মঙ্গলবারের ঐ প্রজ্ঞাপনটিকে ভুল ঘোষণা করে কর্তৃপক্ষ। যদিও আজকের সঠিক দাবি করা প্রজ্ঞাপনটিতে তারিখ দেখা যাচ্ছে গতকাল ২৪ আগস্টের।)

পূর্ববর্তি সংবাদঅভিযান শেষে সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা
পরবর্তি সংবাদছাদ বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে: মেয়র আতিক