ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন বললীলায় গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। জাতিসংঘের চার্টার অনুযায়ী, এটা মানবতাবিরোধী অপরাধ। অথচ বাংলাদেশে এটা এখন অবলীলায় ঘটে যাচ্ছে। গুম হওয়া, খুন হওয়া মানুষের আর্তনাদ সরকার কানে পৌঁছে না। তারা ক্ষমতায় টিকে থাকার জন্যে নিরীহ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। নিরীহ সন্তানদের পিতৃহারা করতে সংকোচ হয় না। অবলীয়লায় তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। আমরা যখন নিখোঁজ বা গুম হওয়ার কথা মানুষের সামনে বার বার করে তুলে ধরি। কিন্তু সরকার বলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
আজ বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির গুম-বিচারবর্হিভূত হত্যার শিকার নেতা-কর্মীদের ৪০টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় গুম ও খুন হওয়া ঢাকা মহানগরের এসএম আদনান চৌধুরী, কাওসার হোসেন, ডা. সগীর, নজরুল ইসলাম, মো. মজিদ, ঢাকা জেলার ফয়সল উদ্দিন হাশেমী ও মানিকগঞ্জের মো. শাওনের পরিবারের সদস্যের হাতে আর্থিক সহযোগিতার টাকা তুলে দেন তিনি। অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, এই অবস্থার পরিবর্তনে জনগণকে জেগে উঠতে হবে। আমাদেরকে মানুষের কাছেই যেতে হবে। তাদেরকে জাগিয়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশের এখন গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার ফিরে আনার লড়াই হচ্ছে। আমাদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই চলছে। এই লড়াইয়ে আমাদের হতাশ হলে চলবে না। এই লড়াইয়ে আমাদেরকে জয়লাভ করতেই হবে।
















