ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর-এর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন ১৯ বছর বয়সী ইসরাইলি তরুণী ডানা কাসেদি ।

ইসরায়েলে প্রাণী অধিকার নিয়ে কাজ করেন ডানা কাসেদি। নেতানিয়াহুুর ছেলে ইয়াইরের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার তিনি মামলা করেছেন। জনপরিসরে গণহারে যৌন হয়রানির ঘটনায় নেতানিয়াহুর ছেলে দায়ী বলে অভিযোগ উল্লেখ করা হয়।

নিজের একটি ছবি টুইট করার পর নেতানিয়াহুর ছেলের মাধ্যমে জনপরিসরে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন ডানা কাসেদি। নেতানিয়াহুর ছেলে ওই তরুণীকে জড়িয়ে বলেছিলেন, ইসরায়েলে তার বাবার প্রতিদ্বন্দ্বী বেনি গ্যাঞ্জয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে ডানা কাসেদির। এরপর টুইটারে নানাভাবে হেয় করা হয় ওই তরুণীকে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি এক টুইটে ডানার ছবি ব্যবহার করার কারণে ইয়াইরের কাছ থেকে এক লাখ ৪৭ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

ওই তরুণী দাবি করেন, প্রধানমন্ত্রীর ছেলে আমাকে জড়িয়ে যে যৌন সম্পর্কের মনগড়া কথা বলছেন, তার কোনো ভিত্তি নেই। নির্বাচনে নিজের বাবাকে সুবিধা পাইয়ে দিতে তিনি এটা করেছেন। অথচ এজন্য আমার সম্মানহানি হয়েছে।

নেতানিয়াহুর ছেলে টুইট করার পরই এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিলেন ডানা। তখনই বলেছিলেন, মামলা করবেন ইয়াইরের বিরুদ্ধে। অবশেষে মামলা করলেন তিনি।

সূত্র : স্পুটনিক

পূর্ববর্তি সংবাদআরো ৬ দিনের রিমান্ডে রিজেন্টের সাহেদ
পরবর্তি সংবাদযশোরে ভারতে পাচারের সময় ১১ মণ ইলিশ জব্দ