টাকা না দেওয়ায় ‘ক্রসফায়ার’, ওসি প্রদীপসহ ১৮ পুলিশের বিরুদ্ধে নতুন মামলা

ইসলাম টাইমস ডেস্ক: অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মাদ রাশেদ হত্যার আসামি, টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে আরো একটি হত্যা মামলার এজাহার দায়ের হয়েছে। যাদের মধ্যে ১৮ জন পুলিশ সদস্য।

১০ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা নিয়ে আরো পাঁচ লাখ টাকা না দেওয়ায় টেকনাফের মাহমুদুর রহমান নামের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ মামলার এজাহার উল্লেখ করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে (টেকনাফ) এজাহারটি দায়ের করা হয়। বিচারক মো. হেলাল উদ্দিন শুনানী শেষে এজাহারটি মামলা হিসাবে রুজু না করে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন।

নিহত মাহমুদুর রহমানের ভাই নুরুল হোসাইন বাদী হয়ে এ এজাহার দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবি ইনসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট ইনসাফুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়া আলী আকবর পাড়ার মিয়া হোসেনের ছেলে প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায়। পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাশ ক্রসফায়ার না দেওয়ার শর্তে প্রবাসীর পরিবারের লোকজন থেকে ১০ লাখ টাকা দাবি করেন। পরিবার নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দেন। কিন্তু আরো পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। দাবিকৃত পাঁচ লাখ টাকা না দেয়ায় ৩১ মার্চ রাতে ক্রসফায়ারের নামে প্রবাসী মাহমুদুর রহমানকে হত্যা করা হয়।

মামলার এজাহারে এসআই দীপককে প্রধান ও বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর এবং মোট ২৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৮ জন পুলিশ সদস্য। বাকি পাঁচজন চৌকিদারসহ স্থানীয় লোকজন।

পূর্ববর্তি সংবাদএরদোগানের সাথে হামাস নেতৃবৃন্দের সাক্ষাত, যুক্তরাষ্ট্রের নিন্দা
পরবর্তি সংবাদ১০ মুহাররমে সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ