ময়মনসিংহে বন্যার্তদের মাঝে আদ-দাওয়া ফাউন্ডেশনের হাদিয়া বিতরণ

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনার রেশ কাটেনি এখনো। এখনো মানুষ দারিদ্র্য ও উৎকন্ঠার মাঝে দিনাতিপাত করছে। তার ওপর টানা বৃষ্টি আর প্রতিবেশি দেশে খোলা বাধের কারণে বন্যার বাধভাঙ্গা জোয়ার দেখেছে এদেশের মানুষ। বেশ কিছুদিন বিপদ সীমার উপর দিয়ে পানি বয়ে যাওয়ায় তলিয়ে গেছে উত্তরবঙ্গসহ দেশের নানা প্রান্ত। এমনই কঠিন ক্রান্তিকালে সারাদেশে কিছু মানুষের মানবিকতার অকৃত্রিম দায়িত্ববোধের পরিচয় ফুটে উঠছে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণের সংবাদে।

গতকাল মঙ্গলবার ময়মনসিংহ চরজেলখানা থেকে বিদ্যাগঞ্জ পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি বানভাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ‘আদ-দাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ। আদ দাওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আরবি সাহিত্যিক উস্তায মুহিউদ্দীন ফারুকীর সহায়তায় এ ত্রাণ বিতরণ করা হয়।

বিতরিত হাদিয়া সামগ্রীর মাঝে ছিলো ৩ কেজি চাল, ১ কেজি ডাল,  ১কেজি আলু, ১কেজি সোয়াবিন তেল, ১কেজি লবণ ও ১ কেজি মুসুরীর ডাল। শিশুদের জন্যও ছোটো ছোটো গিফট বক্সের আয়োজন ছিলো। এ বক্সে ছিলো হরেকরকম চকলেট, একটি এ্যানার্জি বিস্কুট ও কলম ।

এ সময় উপস্থিত ছিলেন আলেম ও লেখক মাওলানা লাবীব আব্দুল্লাহ। ত্রাণ বিতরণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন শিকড়সাহিত্য মাহফিলের সাথী মুজীব রহমান।

আদ-দাওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দীন ফারুকী বলেন, মূলত মানবিক দৃষ্টিকোণ থেকেই বন্যা কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু বন্যা কবলিত মানুষের জন্যই আমাদের এ কার্যক্রম সীমাবদ্ধ নয়। বন্যার পাশাপাশি যেসব অঞ্চলে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে; আমরা তাদের পাশেও থাকার চেষ্টা করছি। তাই আমাদের কার্যক্রম শুধুই খাদ্য বিতরণের মাঝে সীমাবদ্ধ নয়; বরং যেখানে কৃষিপণ্য বা বীজ প্রয়োজন সেখানেও আমরা প্রয়োজনীয় সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাওলানা ফারুকী বলেন, আমাদের কার্যক্রম, শিক্ষা সেবা ও দাওয়াত এই ক্যাটাগরিতে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

আলেম ও লেখক মাওলানা লাবীব আব্দুল্লাহ বলেন, আমরা করোনা ও বন্যার মতো দুটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন । তাই ধৈর্যের মাধ্য এ সঙ্কট আমাদের মোকাবিলা করতে হবে। এ সঙ্কট চিরদিন থাকবে না। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে সবারই উচিত বিপন্ন মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। একইসঙ্গে মানবিক এই সহযোগিতা অসহায় মানুষের কাছে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছানোর আহবান জানান তিনি। এ সময় চলমান করোনা সঙ্কটের বিষয়টি সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। সারাদিন ত্রাণ বিতরণে যারা সম্পৃক্ত ছিলেন মাওলানা ফারুকী সবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় স্কুল হয়ে গেছে মুরগীর খামার
পরবর্তি সংবাদআরো ৬ দিনের রিমান্ডে রিজেন্টের সাহেদ