ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়ার আশা উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
শুক্রবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩০)। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন জানান, নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া একটি অফিসে কাজ করতেন ফারজানা। শুক্রবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই অফিস থেকে ওই দম্পতির লাশ দুটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশের সিআইডি ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে।
















