বছরজুড়ে রাজধানীতে খোঁড়াখুঁড়ি, খানাখন্দে নাকাল নগরবাসী

ইসলাম টাইমস ডেস্ক: বর্ষায় খোঁড়াখুড়ি আর খানাখন্দে নাকাল রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকার মানুষ। বিশেষ করে মগবাজার নয়াটোলা ও আমবাগানে দুর্ভোগ যেনো সীমা ছাড়িয়েছে। আরসিসি পাইপ ও স্লাব বসানোর কাজের ধীরগতিতে সাত মাস ধরে বিধস্ত সেখানকার রাস্তাঘাট। ফলে মালামাল কিংবা রোগী পারাপার দূরে থাক, দৈনন্দিন যাতায়াতেই নাভিশ্বাস উঠছে এলাকাবাসীর।

মগবাজার নয়াটোলায় শহরের মাঝখানে থেকেও বিধ্বস্ত রাস্তা থেকে মুক্তি মিলছে না বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনে পাইপ ও স্লাব বসানোর কাজ শুরু হয় সিটি নির্বাচনের আগে। নির্ধারিত ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় আরো তিন মাস বাড়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ফলে সাত মাস ধরে এমন অসহনীয় দুর্ভোগ হজম করে চলেছেন এলাকার মানুষ। খোঁড়াখুড়ির পর এলোপাথারি ছড়িয়ে রাখা হয়েছে ইট পাথর ও মাটি। ফলে গাড়ি তো দূরে থাক, হাটার অবস্থাটুকু নেই।

কাজে ধীরগতির মাশুল দিচ্ছে পাশ্ববর্তী আমবাগানের বাসিন্দারাও। দীর্ঘদিন ধরে এখানে গাড়ি চলতে না পারায় রোগী যাতায়ত কিংবা বাসাবদলের কাজ কঠিন ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডিএসনসিসি ও তার ঠিকাদারের কাজের গতি এবং স্বচ্ছতা নিয়ে আক্ষেপ খোদ ওয়ার্ড কমিশনারের। ঠিকাদার বলছেন, কাজের বাকি অংশ আটকে গেছে স্থানীয় মাজার কমিটির আপত্তিতে। কেননা, মসজিদের ফ্লোরের চেয়ে রাস্তার উচ্চতা হয়ে গেছে বেশি।

উত্তর সিটির ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের এই প্রকল্পের কাজের ব্যয় ১ কোটি ৪২ লাখ টাকা ধরা হলেও এখন ব্যয় হবে তার অর্ধেক। কেননা পাশ্ববর্তী গোটা মধুবাগ এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করবে সেনাবাহিনী।

পূর্ববর্তি সংবাদবৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি যুদ্ধজাহাজ মেরামত করবে তুরস্ক
পরবর্তি সংবাদআমিরাত-ইসরাইল নিয়ে ব্যাঙ্গচিত্র, জর্ডানে কার্টুনিস্ট গ্রেফতার