ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ সকাল দশটায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠন এর এক সাধারণ সভায় নেতৃবৃন্দ এই আহবান জানান।
দলের মহাসচিব মুফতী মুসা বিন ইজহার এর সঞ্চালনায় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর আল্লামা আবদুল কাইয়ূম সুবহানী, যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান মাহমুদী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব অধ্যক্ষ মাওলানা আবু তাহের খানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতি এবং ভারতের আগ্রাসী আধিপত্যবাদ ক্রমশ আমাদের জাতীয় জীবনে ও স্বাধীনতা সার্বভৌমত্বে আজ হুমকি হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর চক্রান্ত এদেশের জনগণ বরদাশত করবে না বলেও নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে নেতৃবৃন্দ দেশবাসীকে আহবান জানান।
















