বয়কট বাতিল, ইসরাইলের সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালু করছে আমিরাত

ইসলাম টাইমস ডেস্ক: এতদিন ইহুদিবাদী ইসরাইলকে বয়কটের যে আইন ছিল সংযুক্ত আরব আমিরাতে এবং যার ভিত্তিতে তেল আবিবের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও লেনদেন বন্ধ ছিল সে আইন বাতিল করেছে আবুধাবি সরকার। একই সঙ্গে ইসরাইলের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছেন তারা।

গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।

আজ (শনিবার) সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম এ ঘোষণা প্রচার করেছে। বার্তা সংস্থাটি বলেছে, ১৯৭২ সালে প্রণীত ইসরাইলকে বয়কট করা বিষয়ক ১৫ নম্বর কেন্দ্রীয় আইন বাতিল করার জন্য পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান একটি ফরমান জারি করেছেন। এই ফরমানের কার্যপরিধি উল্লেখ করে বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ইসরাইলে বসবাসরত লোকজনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং লেনদেন করতে পারবেন। এজন্য তারা প্রয়োজনে চুক্তিও করতে পারেন।

এই ফরমানের কারণে এখন থেকে ইসরাইলের যেকোনো ধরনের পণ্য বা মালামাল সংযুক্ত আরব আমিরাতে রাখা ও বিক্রি করা যাবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট আগামী সোমবার চালু হবে। আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রথম ফ্লাইট ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ বিমানে থাকবে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার। পার্সটুডে

পূর্ববর্তি সংবাদপবিত্র আশুরায় করোনা মুক্তির দোআ করতে বললেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদপদ্মা সেতুর নিরাপত্তায় সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ