বিজাতীয়দের সাদৃশ্য ত্যাগ আশুরার অনেক বড় শিক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: হিজরী বর্ষের প্রথম মাস মুহাররম। মুহাররমের একটি বিশেষ দিন আশুরা। ‘আশুরা’র কিছু ফযীলতপূর্ণ আমলের কথা হাদীস শরীফে আছে। যেমন সহীহ মুসলিমের হাদীসে আছে,

أفضل الصيام بعد رمضان شهر الله المحرم

‘রমযানের পর আল্লাহর মাস মুহাররমের রোযা সর্বশ্রেষ্ঠ।’ -সহীহ মুসলিম ১/৩৬৮; জামে তিরমিযী১/১৪৭

আর আশুরার রোযা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التى قبله

‘আমি আশাবাদী যে, আশুরার  রোযা দ্বারা আল্লাহ অতীতের এক বছরের (সগীরা) গুনাহ মাফ করবেন।’ -সহীহ মুসলিম ১/৩৬৭; জামে তিরমিযী ১/ ১৫৮

অন্য হাদীসে আছে, তোমরা আশুরার রোযা রাখ এবং ইহুদীদের সাদৃশ্য ত্যাগ করে আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ।- মুসনাদে আহমাদ ১/ ২৪১

ইয়াহুদিরা আশুরায় একটি রোজা রাখত। ধর্ম পালনে তাদের অনুকরণ ও অনুসরণ যেন না হয় বরং ইসলামের স্বকীয়তা আপন মহিমায় সমুজ্জ্বল হয় সে জন্য আগে বা পরে আরো একটি রোজা পালনের নির্দেশ দেয়া হয়েছে।

ধর্মীয় আচার আচরণে সভ্যতা সংস্কৃতি রীতিনীতি ও কর্মপন্থা নির্ধারণে অমুসলিমদের অনুসরণ ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্য হাদীস শরীফে এরশাদ হয়েছে, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করল সে তাদের অন্তর্ভুক্ত।

দুঃখজনক হলেও সত্য যে, আজকের পৃথিবীতে মুসলমানরা ইসলামের আদর্শ শিক্ষা সভ্যতা সংস্কৃতি বিসর্জন দিয়ে বিজাতীয় সভ্যতা সংস্কৃতির অন্ধ অনুকরণে আকন্ঠ নিমজ্জিত। যে শ্রেষ্ঠতম আদর্শ ও শিক্ষার অনুসরণ করে মুসলমানরা বিশ্বব্যাপী মর্যাদা ও নেতৃত্বের আসনে সমাসীন ছিলো, সেই গৌরবময় ঐতিহ্য ও সভ্যতার সর্ম্পক ছিন্ন করায় মুসলমানরা আজ ঘরে বাইরে দেশে বিদেশে সর্বত্র নির্যাতিত, নিস্পেষিত, লাঞ্ছিত, নিপীড়িত, নিগৃহীত। বিশ্বের সর্বত্র তারা আজ উপেক্ষিত ও পদদলিত। নবীজির অনুসৃত পথ বিসর্জন দেয়ার কারণেই মুসলমানদের দুরাবস্থার প্রধান কারণ।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের  এই হাদীসসমূহের উপর আমল করে কেউ যদি ব্যক্তিগতভাবে নফল রোযার বিষয়ে যত্নবান হন তাহলে তা অনেক সৌভাগ্যের বিষয়। এরপর ‘আশহুরে হুরুম’ বা সম্মানিত চার মাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেউ যদি এ মাসে গুনাহ থেকে বাঁচার জন্য বিশেষভাবে চেষ্টা করে এবং নেক আমলে বেশী যত্নবান হয় তাহলে সেটাও কল্যাণকর বিষয়।

 

পূর্ববর্তি সংবাদভারতের বিরুদ্ধে কথা বলার চেয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা সহজ: নুর
পরবর্তি সংবাদফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপও নিয়ন্ত্রণে নিল বিজেপি, অভিযোগ রাহুলের