ভাঙারির দোকানে রহস্যময় বিস্ফোরণ: একজন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে পুরাতন জিনিসপত্রের (ভাঙারি) দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার মজিদ মার্কেটে কাঞ্চনের ভাঙারি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (৩৫) পেশায় একজন অটোমেকানিক ছিলেন। তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়ার মৃত ইয়াদ আলীর ছেলে। বিস্ফোরণে গুরুতর আহত নাহিদ (২৫) উপজেলার পৌর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।

আহত নাহিদকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্গাপুর থানার ওসি মো. শাহ নুর এ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙারি দোকানে অনেকগুলো ব্যাটারি রয়েছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে বিশেষজ্ঞ টিম আসলে তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত তথ্য জানা যাবে।

পূর্ববর্তি সংবাদঅস্ত্র মামলা: পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
পরবর্তি সংবাদরাস্তার পাশে আবর্জনা বাছাই, দুর্গন্ধ-যানজটে ভোগান্তি