সাইপ্রাসের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: সাইপ্রাসের ওপর থেকে আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল (মঙ্গলবার) সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আসানতাসিয়াদেসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোন আলাপে এ কথা জানান।

আমেরিকার এ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের একমাত্র মুসলিম সদস্য তুরস্ক। সাইপ্রাসের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে তুরস্কের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এবং সম্প্রতি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। এর মধ্যে আমেরিকার এ ঘোষণাকে ভালো চোখে দেখছে না তুর্কি সরকার। ৩৩ বছর ধরে সাইপ্রাসের ওপর আমেরিকার অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

গতকালের টেলিফোন আলাপে পম্পেও এবং সাইপ্রিয়ট প্রেসিডেন্ট দু দেশের নিরাপত্তা বিষয়ক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। পরে টুইটার পোস্টে পম্পেও বলেন, পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। সাইপ্রাস দ্বীপের পুনঃএকত্রীকরণের বিষয়ে পূর্ণাঙ্গ সমাধানের জন্য আমেরিকার পক্ষ থেকে সমর্থনও ঘোষণা করেন মাইক পম্পেও।

সাইপ্রাস ১৯৭৪ সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। উত্তর অংশ রয়েছে তুরস্কের সঙ্গে অন্য দিকে দক্ষিণ অংশ রয়েছে গ্রিসের সঙ্গে যা গ্রিক সাইপ্রিয়ট নামে পরিচিত।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩
পরবর্তি সংবাদশিক্ষার্থী নিহতের মামলা: ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ