অমুসলিম ব্যক্তিকে কি যাকাত দেওয়া যাবে?

প্রশ্ন: আমি আমাদের দেশের এক অসহায় ব্যক্তিকে মুসলিম মনে করে যাকাতের কিছু অর্থ দিয়েছি। পরে জানতে পারলাম যে, সে অমুসলিম। এখন জানার বিষয় হল, আমার যাকাত কি আদায় হয়েছে, না পুনরায় তা আদায় করতে হবে?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার যাকাত আদায় হয়ে গেছে। কেননা কাউকে যাকাতের উপযুক্ত মুসলমান মনে করে যাকাত দেওয়ার পর পরর্বতীতে লোকটি অমুসলিম বলে প্রকাশ পেলেও যাকাত আদায় হয়ে যায়। ঐ যাকাত পুনরায় আদায় করতে হয় না। কিন্তু জেনেশুনে কোনো অমুসলিমকে যাকাত দেওয়া জায়েয নয়। জেনে শুনে দিলে যাকাত আদায় হবে না।

সূত্র: হিদায়া ১/২০৭; ইনায়াহ ২/২১৪; রদ্দুল মুহতার ২/৩৫২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২

প্রশ্ন: আমি প্রতি বছরের যাকাত রমযানের শেষ দশকে আদায় করে থাকি। তখন মুসলমান ভাইদের পাশাপাশি হিন্দুরাও যাকাত চায়। হিন্দুদেরকে যাকাত দিলে কি আমার যাকাত আদায় হবে? দয়া করে জানাবেন।

উত্তর: হিন্দু বা কোনো অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। একটি দীর্ঘ হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রা.কে লক্ষ করে বলেছেন, তুমি ধনী মুসলমানদের থেকে যাকাত নিয়ে তাদেরই দরিদ্রদের মাঝে তা বিতরণ কর।-সহীহ মুসলিম ১/৩৬

এই হাদীস উল্লেখ করে ইমাম কাসানী রাহ. বলেন, উক্ত হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী মুসলমানদের থেকে যাকাত নিয়ে দরিদ্র মুসলমানদেরকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সুতরাং অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না।

সূত্র: বাদায়েউস সানায়ে ২/১৬১; রদ্দুল মুহতার ২/৩৫১; ফাতাওয়া খানিয়া ১/২৬৭; আহকামুল কুরআন, জাসসাস ৩/১৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার প্রতি নজিরবিহীন মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদদেশে একমাসে সড়ক দুর্ঘটনায় ৩৭৯ জনের মৃত্যু