বিধি-নিষেধ উপেক্ষা করেই রথযাত্রায় হাজারো মানুষ, পুলিশের বাধায় রণক্ষেত্র

নেপালে পুলিশের সঙ্গে রথযাত্রায় অংশগ্রহণকারীদের সংঘর্ষ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে সবধরণের জমায়েতে কড়াকড়ির মধ্যে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করেই নেপালে রথযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। এতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে রণক্ষেত্রে পরিণত হয় নেপালের ললিতপুর শহর।

গতকাল বৃহস্পতিবার নেপালের ললিতপুর শহরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। করোনাভাইরাসের বিস্তার থেকে সুরক্ষা পেতে আরোপিত বিধি-নিষেধ অমান্য করেই সেখানে রথযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রথযাত্রায় অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় ওই  রথযাত্রায় অংশগ্রহণকারী ও স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয় এবং রথযাত্রায় বাধা দেওয়ায় পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে অনেকে আহত হন। এর মধ্যে ট্রাফিক পুলিশের এক সদস্যের অবস্থা সংকটাপন্ন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নেপালে পুলিশের সঙ্গে রথযাত্রায় অংশগ্রহণকারীদের সংঘর্ষ

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারি থেকে সুরক্ষায় নেপালে মার্চ মাস থেকেই নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে দেশটিতে সব ধরনের ধর্মীয় সভা ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল আগস্ট মাসে রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের শহর এলাকায় লকডাউন জারি করা হয়েছে।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত দেশটিতে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন প্রায় ৪৩ হাজার। আর এর মধ্যে মারা গেছেন ২৫৭ জন।

পূর্ববর্তি সংবাদভূমধ্যসাগরে উত্তেজনা: তুরস্ক শর্তহীন আলোচনায় রাজি থাকলেও গ্রিসের না
পরবর্তি সংবাদজমজমের পানিতে ধোয়া হলো কাবা শরীফ