মামার বাড়ি ঘুরতে এসে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকায় মামার বাসায় বেড়াতে এসে ঘুড়ি ওড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে জুবায়ের (৬) নামে এক শিশু মারা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জুবায়েরের মামা মেহেদী হাসান জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাবা-মায়ের সঙ্গে থাকতো জুবায়ের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার সঙ্গে ডেমড়ার বাসায় বেড়াতে আসে সে। শুক্রবার সকালে সে একতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠে। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক ভাই এক বোনের মধ্যে জুবায়ের ছোট। তার বাবার নাম জয়নাল মিয়াজি।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবৈরুত বিস্ফোরণ: এক মাস পরেও ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান!
পরবর্তি সংবাদপ্রাথমিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচিত ৯২ টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ