বেলা ১১টায় শুরু হচ্ছে সংসদ অধিবেশন

ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায়। গত ১৯ আগস্ট রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এ অধিবশন ৬,৭,৮ ও ৯ মোট চার কার্যদিবস চলার কথা। তবে প্রয়োজনে তা দু’ তিন দিন বাড়তে পারে।

করোনা পরিস্থিতির কারণে এবারও গণমাধ্যম কর্মীদের সরসরি সংবাদ সংগ্রহের জন্য সংসদ কার্ড ইস্যু করা হয়নি। গত দু’টি (৭ম ও ৮ম) অধিবেশনের মতো নবম অধিবেশনও সংবাদ কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহ করতে হবে।

এছাড়া অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে। আগের দু’টি অধিবেশনের মতো প্রতিদিন ৭০-৯০ জন সদস্য অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। অসুস্থ ও বয়স্ক সদস্যদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে। আর যারা অংশ নেবেন তারা করোনাকলীন সব স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দু’টি অধিবেশনের মতো দূরত্ব বজায় রেখে করা হয়েছে।

এর আগে গত ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়ে গত ৯ জুলাই শেষ হয়। মোট ৯ কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়। ওই অধিবেশনে বাজেট পাসসহ ১৬টি সরকারি বিলের মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়। খবর বাসস।

পূর্ববর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন
পরবর্তি সংবাদআবারো লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম