ইসলাম টাইমস ডেস্ক: জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়া উপজেলার আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের ছুরিকাঘাতে একই দলের শিল্পী বেগম (৪০) নামে এক নারী কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত ইদ্রীস আলী মণ্ডলের সহধর্মিণী ও আহত লাভলী পারভীন নিহতের ছোট বোন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় মূল হোতা চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বড় ভাই সাইফুল ইসলাম ও ভাতিজা সাদ্দাম মণ্ডলকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড় চৌগ্রাম মাঠে তিন পুরুষের ভোগদখলীয় একখণ্ড জমি (প্রায় ২ একর) চাষাবাদ করে আসছেন স্থানীয় কৃষক হায়দার আলী মণ্ডল।
সম্প্রতি চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওয়ারিশ সূত্রে নিজেকে ওই জমির মালিক বলে দাবি করেন। এতে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
হঠাৎ রোববার সকাল ৯টায় লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমি চাষাবাদ করতে যান আ’লীগ নেতা রবিউল ইসলাম। এ সময় কৃষক হায়দার আলী মণ্ডলের দুই মেয়ে আওয়ামী লীগ কর্মী শিল্পী বেগম ও লাভলী পারভীন বাধা দিলে উভয় ছুরিকাঘাতে (ডেগার) রক্তাক্ত জখম হন।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আ’লীগ কর্মী শিল্পী বেগম মৃত ঘোষণা করেন।
চৌগ্রাম ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা বলেন, জমি-জমা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের আটকের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য এই হত্যাকাণ্ডের মূল হোতা আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহার আলী হত্যাসহ বিভিন্ন মালমার আসামি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
















