বিস্ফোরণে শহীদ ইমামকে গ্রামের বাড়িতে দাফন, পুরো এলাকায় শোক

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারী। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শহীদ মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারীকে (৬০)  কুমিল্লার মুরাদনগরে দাফন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারোরা ইউনিয়নের পুটিয়াজুরি গ্রামের কবরস্থানে ওই লাশ দাফন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন: সরেজমিন প্রতিবেদন: কী ঘটেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদে

‘ছেলেকে ফিরে না পেলে আর কখনোই হয়তো ক্ষুধার্ত হবো না’

নিহত মাওলানা আব্দুল মালেক নেছারী পুটিয়াজুরি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি মুরাদনগর উপজেলার পরমতলা ইদ্রিছিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল, বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা থেকে আলিম ও ফাজিল এবং সোনাকান্দা কামিল মাদরাসা থেকে কামিল পাশ করেন। নিহতের বৃদ্ধ মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। নিহতের লাশ গ্রামের বাড়ি আসছে এমন খবরে আশ-পাশের কয়েক গ্রামের সহস্রাধিক লোক তাকে এক নজর দেখার জন্য জড়ো হয়।

নিহতের বৃদ্ধ মা কমলা খাতুন (৮২) অশ্রুজল চোখে বলেন, দীর্ঘ ২২/২৩ বছর যাবত আমার ছেলে ওই মসজিদে ইমামতি করতেন। জীবনের শেষ সময়ে এসে আমার মানিকের এমন মর্মান্তিক মৃত্যু দেখতে হবে কল্পনাও করি নাই। মনে হচ্ছে আমার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

পুটিয়াজুরি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ বলেন, মাওলানা আব্দুল মালেক নেছারী যদিও সপরিবারে নারায়ণগঞ্জ বসবাস করতেন তবুও তিনি এলাকার সাধারণ মানুষ ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করতেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন ভদ্র ও বিনয়ী গুণের অধিকারী। আকস্মিক দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের বাতাস বইছে।

তার দাফন কাজে অংশ নেওয়া স্বাস্থ্য কর্মী আবুল কালাম আজাদ ও সিএইচসিপি সুমন সরকার বলেন, সরকারের স্বাস্থ্য বিধি মেনে নিহতের দাফন কাজ সম্পন্ন হয়েছে। তিনি গ্রামের সব শ্রেণি পেশার মানুষের দু:খ-দুর্দশায় এগিয়ে আসতেন। তাই তার মৃত্যুতে সকলেই শোকাহত।

আরো পড়ুন:ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদ মিয়া

পূর্ববর্তি সংবাদএখনও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল, পুড়েছে ২০ লাখ একর ভূমি
পরবর্তি সংবাদবিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার আহ্বান ওবায়দুল কাদেরের