ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিদ্দিকুর রহমানকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সিদ্দিকুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের মৃত মো. আবদুল মন্নাফের ছেলে ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
স্বজনরা জানান, বুধবার রাত ৯টার দিকে কটিয়াদী বাজার হতে বাড়ি ফেরার পথে সিদ্দিকুর রহমানকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভাগলপুর জহুরুর ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরপরই সিদ্দিকুরের মৃত্যু হয়।
কটিয়াদী থানার ওসি এম এ জলিল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
















