চট্টগ্রামে অবৈধ গ্যাস রিফিল স্টেশন সিলগালা

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ির চেচুরিয়া এলাকায় প্রধান সড়কের পশ্চিমে অবৈধভাবে গড়ে ওঠা একটি সিএনজি রিফিল গ্যাস স্টেশনকে সিলগালা ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সিএনজি স্টেশনটিকে অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিস্ফোরক অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মেহেদী ইসলাম খান, চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ডেপুটি ম্যানেজার কবির আহমদ ও বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই গ্যাস রিফিল স্টেশনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানকে সিলগালা এবং ২০১০-এর ১৩ ধারা ভোক্তা অধিকার আইনে ও ২০০৯-এর ৪০ ধারায় অবৈধ গ্যাস রিফিল স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।।

জানা যায়, গত কয়েক বছর ধরে উপজেলার বৈলছড়ি ইউনিয়নে চেচুরিয়া এলাকায় প্রধান সড়কের পশ্চিমে ব্যবসায়ী অনুমোদনবিহীন ও অবৈধ সিএনজি রিফিল স্টেশন তৈরি করে মালবাহী কাভার্ডভ্যানে করে বড় বড় সিলিন্ডারে সিএনজি গ্যাস এনে খোলা আকাশের নিচে বিক্রি করে প্রতিনিয়ত।

কর্ণফুলী বিস্ফোরক অধিদফতরের কারিগরি টেকনিশিয়ানরা পরীক্ষা করে দেখেন খুবই ঝুঁকিপূর্ণভাবে সিএনজিতে গ্যাস রিফিল করা হয়। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের দাবি।

এ অভিযানে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে এবং গ্যাস রিফিল প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া যতদিন পর্যন্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারবে, ততদিন এই অবৈধ গ্যাস রিফিল স্টেশন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা না মেনে পুনরায় গ্যাস বিক্রির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেন, উপজেলার বৈলছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস রিফিল স্টেশনে গ্যাস বিক্রি করে আসছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস রিফিল স্টেশনকে সিলগালা করি।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে কারখানায় ডাকাতি: ৭৫ লাখ টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার
পরবর্তি সংবাদনদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক খুন