নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুমড়ির রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে সোহেলসহ কয়েকজন রেজোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে সদর হাসপাতালে নেয়া হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজোয়ানের ভাই রানা শেখ বলেন, ‘সোহেল খানসহ ৭-৮ জন দুর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়ু ফকিরের ছেলে শিমুল ফকিরকে (২২) আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সূত্র: ইউএনবি

পূর্ববর্তি সংবাদশ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রামে কন্টেইনার পরিবহন বন্ধ
পরবর্তি সংবাদঅপহরণের পর ৫ ভারতীয়কে ফিরিয়ে দিল চীন