আনাস মাদানীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে হাটহাজারীতে ছাত্রদের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: দেশের প্রাচীনতম সর্ববৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর পরিচালক আল্লামা আহমদ শফীর পুত্র মাওলানা আনাস মাদানীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

জানা গেছে, আজ বুধবার দুপুরের পর থেকে মাদরাসার ছাত্রদের একটি অংশ আনাস মাদানীর বহিষ্কারসহ বিভিন্ন দাবিতে মাঠে অবস্থান করছেন।

যেসব দাবিতে আন্দোলন করা হচ্ছে,

এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে।

দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।

তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে।

চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে।

পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত হাটহাজারী মাদরাসার শিক্ষক আল্লামা শফিপুত্র মাওলানা আনাস মাদানীর বিরুদ্ধে মাদরাসার শিক্ষকদের নিয়োগ-পদায়নে ‍দুর্নীতি ও হস্তক্ষেপ, মাদরাসার শুরা ও বেফাকের মিটিংয়ে উদ্দেশ্যমূলক প্রভাব বিস্তার, আল্লামা বাবুনগরীকে নানাভাবে হয়রানি, নিজের পিতা আল্লামা আহমদ শফীকে বিভিন্ন ক্ষেত্রে অপব্যবহারসহ নানা অভিযোগের কারণে মাদরাসার ছাত্রসহ দেশের আলেম সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এই খবর লেখা পর্যন্ত জানা গেছে, ছাত্ররা হাটহাজারী মাদরাসার ভেতরের ক্যাম্পাসকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ময়দানে অবস্থান করছেন। মাদরাসা কর্তৃপক্ষকে মাইকে তাদের দাবি আদায় করতে আহ্বান জানাচ্ছেন।

তবে এখনো পর্যন্ত বিপরীত পক্ষের কাউকে পাল্টা অবস্থান নিতে শোনা যায়নি।

নির্ভরযোগ্য সূত্রমতে, হাটহাজারী মাদরাসার বাইরে গেটের সামনে আইনশৃংখলা বাহিনী অবস্থান গ্রহণ করেছে। ছাত্রদের পক্ষ থেকে তাদেরকে মাইকে বলা হচ্ছে যে, হাটহাজারি মাদরাসার আভ্যন্তরীণ সমস্যার সমাধান দিবেন দেশের বরেণ্য ওলামায়ে কেরাম। প্রশাসনকে এব্যাপারে নাক না গলাতে আহবান জানানো হচ্ছে।

আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, ছাত্রদের যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে তাদের উপর কোন ধরণের হামলা চালানো হলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

পূর্ববর্তি সংবাদকরোনা: গত ২৪ ঘন্টায় চলতি মাসের সবচে কম মৃত্যু
পরবর্তি সংবাদইসরাইলের দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না: মাহমুদ আব্বাস