হাটহাজারী মাদরাসা বন্ধ ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন

ইসলাম টাইমস ডেস্ক:  চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ২৪ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ তারিখে ৫৭.০০.০০০০.০৮৫.৬৯.০০৯.১৫.১৪৬ নং পত্রে কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। কিন্তু আরোপিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলজামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্দেশক্রমে বন্ধ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় ব্যাপক আন্দোলন-বিক্ষোভ করছে ছাত্ররা।

ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রামের দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষক, আল্লামা শাহ আহমদ শফী সাহেবের পুত্র মাওলানা আনাস মাদানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হাটহাজারী মাদরাসা থেকে বহিষ্কার করা হয় গতকাল।

বুধবার বাদ মাগরিব হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি মিটিংয়ে লিখিতভাবে মাওলানা আনাস মাদানীর অব্যাহতিসহ ৩টি সিদ্ধান্ত গৃহীত হয়। ১. মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানীকে স্থায়ীভাবে দারুল উলূম হাটহাজারী থেকে অব্যাহতি অর্থাৎ বহিষ্কার করা হয়েছে। ২. ভবিষ্যতে মাদরাসার কোনো ছাত্রকে কোনো ধরনের হয়রানি করা হবে না। যাদের হয়রানি  করা হয়েছে তারা ভর্তির সুযোগ পাবে। ৩. মাদরাসার শূরা কমিটি বাকি সমস্যার সমাধান করতে আগামী শনিবার মিটিং করবেন।

সিদ্ধান্তে স্বাক্ষর করেন হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফী, মুঈনে মুহতামিম মাওলানা শেখ আহমদ ‍, শূরার সদস্য মাওলানা নোমান ফয়জী, মাওলানা সালাহুদ্দীন, মাওলানা ওমর ফারুকসহ প্রবীণ শিক্ষকবৃন্দ।

এদিকে আজ বৃহস্পতিবার আবারও আন্দোলনে মাঠে নামেন হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

জানা যায়, মাদরাসা কর্তৃপক্ষ আজ হঠাৎ মাদরাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন- এমন সংবাদ ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্ররা মাইকে ঘোষণা দিয়ে মাঠে নামে। এতে উত্তাল হয়ে ওঠে মাদরাসা মাঠ।

এদিকে ছাত্রদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন ডাকসু ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর।

আজ বৃহস্পতিবার দুপুরে নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন থেকে ঘোষণা দেন যে, ‘যেসব ছাত্ররা হাটহাজারী মাদরাসায় তাদের অধিকার আদায়ে আন্দোলন করছে তাদের উপর কোনো হামলা-আক্রমণ হলে আমরাও আন্দোলনে যাবো।

তিনি বলেন, মাদরাসার শূরা সদস্যরা যে সিদ্ধান্ত নিবেন এর উপরই মাদরাসা চলবে- এটাই নিয়ম। বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো এভাবেই চলে আসছিলো। আজ হাটহাজারী মাদরাসার ছাত্রদের উপর যদি সরকারী বাহিনী কোনো আঘাত করে তাহলে আমরা আন্দোলনের ডাক দিবো।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ বিভিন্ন শিক্ষকের রুমে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে পুলিশও নানাভাবে মাদরাসায় অনুপ্রবেশ করছে বলে জানা গেছে।

হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে মাদ্রাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা আহমদ শফীর কক্ষেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, মাদরাসার ভেতরের অবস্থা শান্ত রয়েছে। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদমির্যা গোলাম আহমদকে নিয়ে কাদিয়ানী আমীরের মিথ্যাচার: একটি পর্যালোচনা
পরবর্তি সংবাদমসজিদ কমিটি ও দুই গ্রাহকের ওপর দায় চাপিয়ে তিতাসের তদন্ত প্রতিবেদন