ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চন্ডীপাশা মোড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল অংকের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার পর বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে চন্ডীপাশা মোড় বাজারের আবুল হাসেমের মার্কেটের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাজারের একজন নিরাপত্তারক্ষীর চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লোকজনকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর মধ্যেই আগুনে ৮টি দোকান ঘর ভস্মীভূত হয়। দোকান ঘরগুলোর মধ্যে ছিল ধান-চাউলের ঘর, ঔষধের ফার্মেসি, টিভি-ফ্রিজের শোরুম, গ্যাসের সিলিন্ডার, ডেকোরেটর সামগ্রী ও মুদির দোকান।
নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে তাদের দুটি ইউনিট কাজ করতে হয়েছে। তবে সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া ও প্রশাসনের কর্মকর্তারা।
















